সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: সরকারের পদক্ষেপ স্পষ্ট করার দাবি খেলাফত শ্রমিক মজলিসের
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস।
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস। একই সঙ্গে প্রবাসীদের আইনি সুরক্ষা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ দাবি করেছে সংগঠনটি। শনিবার (১৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সভাপতি মাওলানা তোফাজ্জল হুসাইন মিয়াজি ও সাধারণ সম্পাদক মাওলানা জাকির হুসাইন এই দাবি জানান।
বিবৃতিতে নেতৃবৃন্দ জানান, সৌদি আরবের মক্কায় নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে আগে থেকে অবগত ছিল না বলে জানিয়েছে। দূতাবাসকে আগে না জানানো হলে সরকার কী ব্যবস্থা নিয়েছে, তা স্পষ্ট করার আহ্বান জানান তারা। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা কোনো আইনি সহায়তা পেয়েছিলেন কি না এবং এ ক্ষেত্রে বাংলাদেশ মিশনের ভূমিকা কী ছিল, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।
নেতারা পুরো ঘটনার তথ্য পর্যালোচনা করে দুই প্রবাসীর আইনি প্রক্রিয়ার বিস্তারিত জনসমক্ষে প্রকাশের দাবি জানান। এছাড়া বিদেশে অবস্থানরত বাংলাদেশি মিশনগুলোর সাথে সংশ্লিষ্ট দেশের তথ্য আদান-প্রদান ব্যবস্থা জোরদার করার আহ্বান জানান তারা। একই সাথে আইনি জটিলতায় পড়া প্রবাসীদের সহায়তায় জোরালো কূটনৈতিক তৎপরতা চালানোর তাগিদ দেওয়া হয়।