স্থানীয় সরকার নির্বাচনে ভোটার স্থানান্তরের সুযোগ ৩১ অক্টোবর পর্যন্ত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ অক্টোবর।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে ভোটার এলাকা পরিবর্তনের আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ৩১ অক্টোবর। এই সময়ের মধ্যে নির্বাচন কমিশনের তথ্যভাণ্ডারে যুক্ত হওয়া ভোটাররাই কেবল আসন্ন স্থানীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। আগামী ২৫ নভেম্বর হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ইতোমধ্যে আগামী ২৭ জানুয়ারি থেকে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরুর সময়সূচি প্রকাশ করা হয়েছে।
ইসির নির্দেশনা অনুযায়ী, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা তার আগে জন্মগ্রহণকারী নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন। আগামী ৪ নভেম্বরের মধ্যে খসড়া তালিকার পিডিএফ মাঠপর্যায়ে পাঠানো হবে এবং ৫ নভেম্বর তা সর্বসাধারণের জন্য প্রকাশ করা হবে। তালিকায় নাম ওঠানো বা সংশোধনের বিষয়ে যেকোনো দাবি ও আপত্তি ২০ নভেম্বরের মধ্যে জমা দেওয়া যাবে। এসব আবেদন ২৩ নভেম্বরের মধ্যে নিষ্পত্তি করা হবে। পাশাপাশি স্থানান্তরের আবেদনগুলো ৫ নভেম্বরের মধ্যে সুরাহা করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
খসড়া তালিকা প্রকাশের পর তা সাধারণ মানুষের যাচাইয়ের জন্য উন্মুক্ত রাখতে বলা হয়েছে। তালিকায় নাম, লিঙ্গ কিংবা ধর্মীয় পরিচয়ের কোনো ভুল থাকলে তা দ্রুত সংশোধন করতে হবে। এ বিষয়ে নাগরিকদের অবহিত করতে মসজিদ, মন্দিরসহ ধর্মীয় উপাসনালয়ে ঘোষণা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। এছাড়া জনস্বার্থে স্থানীয় সাংবাদিক ও কেব্ল অপারেটরদের সহায়তায় প্রয়োজনীয় প্রচার চালানোর জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের বলা হয়েছে।