জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি প্রতারণা করছে বলে এনসিপির অভিযোগ
'জুলাই সনদ' বাস্তবায়নের কথা বলে বিএনপি জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
'জুলাই সনদ' বাস্তবায়নের কথা বলে বিএনপি জাতির সঙ্গে ধোঁকাবাজি করছে বলে অভিযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, বিএনপি সরকার আসলে সংস্কার বাস্তবায়ন করতে চায় না। তারা পূর্বের অর্জনগুলোকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছে। শনিবার বিকেলে ঢাকার বাংলামোটরে দলীয় কার্যালয়ে জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের এক বছর পূর্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতারা এসব কথা বলেন।
এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, বিএনপি গণভোটের রায় মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি। তারা মূলত কোনো ধরনের জবাবদিহি ছাড়া নিরঙ্কুশভাবে ক্ষমতা চালাতে চায়। জুলাই সনদে সম্মতি থাকা সত্ত্বেও বিএনপি ক্ষমতায় আসার পর সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করেছে। বিরোধী দলকে আনুপাতিক হারে সংসদীয় কমিটির সভাপতির পদও দেয়নি। বর্তমান সংবিধান সংশোধন কমিটিকে একদলীয় উল্লেখ করে তিনি অবিলম্বে তা বিলুপ্ত করে গণভোট অনুযায়ী পরিষদ গঠনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, বিএনপি মুখে জুলাইয়ের কথা বললেও ভেতরে আওয়ামী কাঠামো টিকিয়ে রেখে আগামী নির্বাচন প্রভাবিত করতে চায়। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করা না হলে আন্দোলন গণ-আন্দোলনে রূপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। সালেহউদ্দিন সিফাতের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্যসচিব ফরিদুল হক।