ডেইলি বাংলাগ্রাম

চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি রুমিন ফারহানার

দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি রুমিন ফারহানার

দেশে এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়দরকান্দি গ্রামে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সেখানে তিনি দাবি করেন, চাঁদা দিতে অস্বীকৃতি জানালে খামারের মাছের খাবারে পর্যন্ত বিষ প্রয়োগ করা হচ্ছে। এ সময় নিজের এলাকায় যেকোনো ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে নামার হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

১ ও ২ নম্বর ওয়ার্ডের নেতা-কর্মীদের উপস্থিতিতে ওই সভায় রুমিন ফারহানা বলেন, তিনি বালু চোর কিংবা মামলাবাজদের সঙ্গে নিয়ে রাজনীতি করতে চান না। স্বজনপ্রীতিকে প্রশ্রয় না দেওয়ার অঙ্গীকার করে তিনি জানান, তাঁর কোনো আত্মীয়কে সারের ডিলারশিপ বা ঠিকাদারি দেওয়া হবে না। একই সঙ্গে কোনো কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজি বা ভোটারদের সঙ্গে অসদাচরণের অভিযোগ থাকলে পরিচয় গোপন রেখে তা লিখিতভাবে জানানোর আহ্বান জানান তিনি। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন এই সংসদ সদস্য।

দেশের বিদ্যমান পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ে ক্ষোভ প্রকাশ করে রুমিন ফারহানা আরও বলেন, বিদ্যুৎ, গ্যাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং বাজার নিয়ন্ত্রণের আশায় দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করা হয়েছিল। অথচ বর্তমানে ৮০ থেকে ৯০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যায় না এবং ঢাকায় একটি ডিমের দাম ১৫ টাকায় ঠেকেছে। এমন বাস্তবতায় দরিদ্র মানুষের জীবনযাপন চরম সংকটে পড়েছে বলে তিনি উল্লেখ করেন।