নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে তথ্য কমিশন: অধ্যাপক নাহরিন ইসলাম খান
গণতান্ত্রিক সরকারের অধীনে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান।
গণতান্ত্রিক সরকারের অধীনে তথ্য কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন নতুন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান। রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে তথ্যমন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে নবগঠিত কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে তিনি জানান, এই প্রতিষ্ঠানটির দরজা দেশের সব নাগরিকের জন্য খোলা থাকবে।
অধ্যাপক নাহরিন ইসলাম খান উল্লেখ করেন, তথ্য কমিশন কোনো সরকার বা বিশেষ ব্যক্তির স্বার্থে পরিচালিত হবে না। জনগণের কাছে তথ্য পাওয়ার অধিকার সহজ করাই তাদের মূল লক্ষ্য হবে। তিনি আরও বলেন, বিগত দুই বছর দেশে কোনো তথ্য কমিশন ছিল না। আর তার আগের ১৭ বছর কমিশন চালু থাকলেও তাদের উল্লেখযোগ্য কাজ করতে দেওয়া হয়নি অথবা তারা করতে পারেনি।
বৈঠকে নবনিযুক্ত দুই তথ্য কমিশনার এসএএম মাহফুজুর রহমান এবং খান মোহাম্মদ আবুল হোসেন উপস্থিত ছিলেন। কমিশনার মাহফুজুর রহমান বলেন, তথ্যের অবাধ প্রবাহ ও স্বচ্ছতা নিশ্চিত করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা করা হবে। তথ্য পাওয়ার ক্ষেত্রে জনগণের সব প্রত্যাশা পূরণে কমিশন কাজ করে যাবে।