ডেইলি বাংলাগ্রাম

বিশ্ব কারিগরি সম্মেলনে শ্রমবাজার উপযোগী শিক্ষার রূপরেখা দিলেন শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটালাইজেশন ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিকাশের সঙ্গে সংগতি রেখে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বিশ্ব কারিগরি সম্মেলনে শ্রমবাজার উপযোগী শিক্ষার রূপরেখা দিলেন শিক্ষামন্ত্রী

কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটালাইজেশন ও পরিবেশবান্ধব প্রযুক্তির বিকাশের সঙ্গে সংগতি রেখে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শুক্রবার (১৬ অক্টোবর) চীনের তিয়ানজিনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন ডেভেলপমেন্ট কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে এ কথা জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, শিল্পখাতের বাস্তব চাহিদার সঙ্গে প্রাতিষ্ঠানিক শিক্ষার সংযোগ তৈরি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে সরকার একটি পূর্ণাঙ্গ জাতীয় ইকোসিস্টেম তৈরির উদ্যোগ নিয়েছে।

দেশের অগ্রগতিতে মানবসম্পদকে প্রধান চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ব্যবহারিক ও ডিজিটাল দক্ষতা বাড়ানোর তাগিদ দেন। সম্মেলনের ফাঁকে তিনি চীনের শিক্ষা উপমন্ত্রী রেন ইউছুয়েনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। সেখানে বাংলাদেশে একটি যৌথ কারিগরি ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, অবকাঠামোগত উন্নয়ন ও বৃত্তি সম্প্রসারণের প্রস্তাব নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের গত জুনের চীন সফরের কথা উল্লেখ করে দুই দেশের প্রযুক্তি ও শিক্ষা সহযোগিতাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানানো হয়।

তিয়ানজিন মেইজিয়াং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে আয়োজিত এ আন্তর্জাতিক সম্মেলনে ৪০টির বেশি দেশের শিক্ষামন্ত্রীসহ শতাধিক দেশের সরকারি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে চীনের ভাইস প্রিমিয়ার দিং শুয়েশিয়াং, দেশটির শিক্ষামন্ত্রী হুয়াই জিনপেং, তিয়ানজিনের মেয়র ঝাং গং, মালয়েশিয়ার উপপ্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি এবং ইউনেস্কোর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।