ডেইলি বাংলাগ্রাম

রিমান্ড শেষে সাবেক দুই সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

সরকারবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতায় উসকানির অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা (৪৩) ও বিজয় দেবাশীষ নারায়ন পালকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রিমান্ড শেষে সাবেক দুই সেনা কর্মকর্তা গুলশান আরা ও দেবাশীষ কারাগারে

সরকারবিরোধী ষড়যন্ত্র ও সহিংসতায় উসকানির অভিযোগে করা মামলায় অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তা কাজী গুলশান আরা (৪৩) ও বিজয় দেবাশীষ নারায়ন পালকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চার দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পল্লবী থানার এই মামলায় তাদের বিরুদ্ধে অবৈধ অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারেরও অভিযোগ রয়েছে।

আসামিদের রিমান্ড শেষে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শেখ বশির আহমেদ। আবেদনে তিনি জানান, আসামিদের কাছ থেকে পাওয়া তথ্যগুলো খতিয়ে দেখা হচ্ছে। ষড়যন্ত্রের মূল রহস্য উদঘাটনে তাদের আবারও রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন হতে পারে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের আটক রাখা দরকার।

এর আগে গত সোমবার এই মামলায় তাদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম। সেদিন পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।