সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে সাধারণ সাংবাদিকদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে উপস্থিত সাংবাদিকরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য দেন। তাঁরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে গুলি করে হত্যা স্বাধীন গণমাধ্যমের নিরাপত্তার জন্য বড় হুমকি। এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ ও পরিকল্পনা দ্রুত উদ্ঘাটন করতে হবে। একই সঙ্গে জড়িতদের শনাক্ত করে অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানান তাঁরা।
এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া আটটার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের উতরাইল বাজারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন আলিফ ফকির। তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘রূপসী বাংলা’র নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। এছাড়া তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন।