ডেইলি বাংলাগ্রাম

কুমিল্লা সীমান্তে অভিযানে গিয়ে ভারতে প্রবেশ, দুই পুলিশ বিএসএফের হেফাজতে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযানের সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করায় বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে আটক করেছে বিএসএফ।

কুমিল্লা সীমান্তে অভিযানে গিয়ে ভারতে প্রবেশ, দুই পুলিশ বিএসএফের হেফাজতে

কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে মাদকবিরোধী অভিযানের সময় ভুলবশত সীমান্ত অতিক্রম করায় বাংলাদেশের দুই পুলিশ সদস্যকে আটক করেছে বিএসএফ। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী সীমান্তের ২০৫৯ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তিরা হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। তাঁদের ফিরিয়ে আনার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে যোগাযোগ চলছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে টহল দল আশাবাড়ী সীমান্ত এলাকায় মাদক কারবারের খবর পায়। সেখানে অভিযানে গেলে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। কনস্টেবল রোহিত দেওয়ান ওই ব্যক্তিকে ধাওয়া করতে গিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েন। তখন সীমান্তের ওপারে থাকা কয়েকজন ব্যক্তি তাঁকে আটকে মারধর করে। খবর পেয়ে এএসআই ইমরান হোসেন তাঁকে ছাড়িয়ে আনতে গেলে তাঁকেও আটক করা হয়। পরে বিএসএফ এসে দুই পুলিশ সদস্যকে নিজেদের হেফাজতে নেয়।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুলক্রমে সীমান্ত পার হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাঁদের ফিরিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। কাঁটাতারবিহীন আশাবাড়ী সীমান্ত এলাকায় এর আগেও এমন ঘটনা ঘটেছিল। ২০১৯ সালের ১০ অক্টোবর ওই একই এলাকায় অভিযানে গিয়ে ভুলবশত সীমান্ত পার হওয়ায় র‍্যাবের তিন সদস্য ও তাঁদের দুই সহযোগীকে আটক করেছিল বিএসএফ। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়।