ডেইলি বাংলাগ্রাম

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করল বিআরটিএ

মোটরসাইকেলের পেছনে ডিজিটাল নম্বরপ্লেট থাকার পাশাপাশি এখন থেকে সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে।

মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক করল বিআরটিএ

মোটরসাইকেলের পেছনে ডিজিটাল নম্বরপ্লেট থাকার পাশাপাশি এখন থেকে সামনের অংশেও ম্যানুয়াল নম্বরপ্লেট লাগাতে হবে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এই নিয়ম বাধ্যতামূলক করেছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে মালিকদের নিজ খরচে এই নম্বরপ্লেট যুক্ত করতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দেশনা কার্যকর না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) এক জরুরি বিজ্ঞপ্তিতে বিআরটিএ এই নির্দেশ দেয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সড়ক পরিবহন আইন ২০১৮ এবং সড়ক পরিবহন বিধিমালা ২০২২ অনুযায়ী পেছনে আরএফআইডি নম্বরপ্লেট ব্যবহারের নিয়ম রয়েছে। তবে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন ও নজরদারি জোরদার করতে সামনেও নিবন্ধন নম্বর প্রদর্শনের এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্দেশ অনুযায়ী, সামনের নম্বরপ্লেটটি স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি হতে হবে। সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। নম্বরপ্লেটে অতিরিক্ত কোনো নকশা বা কারুকাজ করা যাবে না।

যানবাহনের ধরন অনুযায়ী নম্বরপ্লেটের নির্দিষ্ট মাপও জানিয়ে দেওয়া হয়েছে। স্কুটারের ক্ষেত্রে প্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার হতে হবে। অন্যান্য সাধারণ মোটরসাইকেলের জন্য দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের যানেই লেখার ফন্টের উচ্চতা অন্তত ২০ মিলিমিটার হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যেই সবাইকে এসব নিয়ম মেনে নম্বরপ্লেট লাগানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।