ডেইলি বাংলাগ্রাম

আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনে সংসদীয় কমিটির সন্তোষ

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

আইনশৃঙ্খলা পরিস্থিতির ইতিবাচক পরিবর্তনে সংসদীয় কমিটির সন্তোষ

সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এই সভায় দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।

বৈঠকে রাজধানীতে অপরাধ দমনে নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান কমিটির সদস্য মো. নূরুল ইসলাম। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাহিনীর নেওয়া নানা উদ্যোগ ও অগ্রগতি তুলে ধরেন। এ সময় ২০২৫ ও ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর এবং উভয় বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকের অপরাধসংক্রান্ত তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়। খুন, ডাকাতি, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং মাদকসহ বিভিন্ন অপরাধের হার আগের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কমে আসায় সন্তুষ্টি প্রকাশ করেন কমিটির সদস্যরা।

সভায় কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক মোকাবিলার পাশাপাশি সাইবার অপরাধ রুখতে পৃথক পুলিশ ইউনিট গঠনের বিষয়ে আলোচনা হয়। অপরাধ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তি ব্যবহারেরও সুপারিশ করা হয় বৈঠকে। এতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, সদস্য শিরীন সুলতানা, মো. মনোয়ার হোসেন, মো. নূরুল ইসলাম এবং মো. আব্দুল বাতেন অংশ নেন।