ডেইলি বাংলাগ্রাম

জয়দেবপুরে আসামি ছিনতাইয়ের চেষ্টায় পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

জয়দেবপুরে আসামি ছিনতাইয়ের চেষ্টায় পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে আহত ২

গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে মাদক মামলার দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জয়দেবপুর রেলওয়ে জংশনসংলগ্ন ফাঁড়িতে এই ঘটনা ঘটে। হামলাকারীদের রামদার আঘাতে সহকারী উপপরিদর্শক (এটিএসআই) নূরুল ইসলাম এবং কনস্টেবল আশিকুর রহমান আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে জংশনের ২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ইয়াবা ও গাঁজাসহ মো. আনিছ (১৮) ও শিমলা আক্তার (২২) নামের দুজনকে আটক করে পুলিশ। আনিছ ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা এবং শিমলার বাড়ি গাজীপুর সদরের ২৯ নম্বর ওয়ার্ডের চা–বাগান বাঁশতলা এলাকায়। তাঁদের ফাঁড়িতে নেওয়ার কিছুক্ষণ পরই ২৫ থেকে ৩০ জনের একটি কিশোর দল ধারালো অস্ত্র নিয়ে সেখানে চড়াও হয়। তারা দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায় এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কোপায়। পরে ফাঁড়ির অন্য সদস্য ও আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

রেলওয়ে জংশন এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য বেড়েছে বলে জানিয়েছেন স্টেশন কর্মকর্তা মাহমুদুল হাসান। ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন জানান, মাদক ও পুলিশে হামলার ঘটনায় পৃথক দুটি মামলার প্রক্রিয়া চলছে। এছাড়া জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন জয়দেবপুর থানার ওসি আমিনুল ইসলাম।