অর্থনীতি নিয়ে ভোটারদের অসন্তোষের মধ্যে ওয়াশিংটনে ফিরছেন ট্রাম্প
মধ্যবর্তী নির্বাচনের প্রচার শেষে আজ সকালে ওয়াশিংটন ডিসিতে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প।
মধ্যবর্তী নির্বাচনের প্রচার শেষে আজ সকালে ওয়াশিংটন ডিসিতে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে রিপাবলিকান পার্টির জন্য নেতিবাচক পূর্বাভাস দেখা যাচ্ছে। চলমান ইরান যুদ্ধ এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির কারণে ভোটারদের অসন্তোষ বাড়ায় সম্প্রতি ট্রাম্পের জনপ্রিয়তা রেকর্ড সর্বনিম্ন ৩২ শতাংশে নেমে এসেছে।
বুধবার অ্যারিজোনা ও মন্টানায় দলীয় প্রার্থীদের পক্ষে প্রচার চালান ট্রাম্প। একটি নতুন জরিপ অনুযায়ী, নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা নিরপেক্ষ ভোটার, গ্রামীণ জনগোষ্ঠী এবং কিছু রিপাবলিকান সমর্থকও বর্তমান অর্থনীতি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। জরিপে অংশ নেওয়া প্রতি চারজন আমেরিকানের মধ্যে তিনজনই সম্ভাব্য অর্থনৈতিক মন্দা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন।
অন্য একটি জরিপে দেখা গেছে, প্রতি ১০ জনের মধ্যে প্রায় ৮ জন ভোটার অর্থনীতি এবং জীবনযাত্রার ব্যয়কে আসন্ন নির্বাচনের প্রধান বিবেচ্য বিষয় মনে করছেন। পাশাপাশি প্রায় দুই-তৃতীয়াংশ ভোটার স্বাস্থ্যসেবা এবং ইরান যুদ্ধকে বড় ইস্যু হিসেবে দেখছেন। তবে ট্রাম্পের শক্ত অবস্থান থাকা অভিবাসন বা অপরাধ নিয়ন্ত্রণের মতো বিষয়গুলো ভোটারদের কাছে তুলনামূলক কম গুরুত্ব পাচ্ছে।