পাঞ্জাবে ডিসেম্বরের বদলে এপ্রিলে তিন দফায় স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তাব
পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) প্রস্তাবিত সময়সূচি পিছিয়ে দিয়ে আগামী এপ্রিলে তিন দফায় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছে পাঞ্জাব সরকার।
পাকিস্তানের নির্বাচন কমিশনের (ইসিপি) প্রস্তাবিত সময়সূচি পিছিয়ে দিয়ে আগামী এপ্রিলে তিন দফায় স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তাব দিয়েছে পাঞ্জাব সরকার। চলতি মাসের শুরুর দিকে নির্বাচন কমিশন ১৪ ডিসেম্বর ভোটগ্রহণের প্রস্তাব দিয়ে পাঞ্জাবের মুখ্য সচিবের কাছে খসড়া পাঠিয়েছিল। তবে পাঞ্জাবের প্রাদেশিক মন্ত্রিসভা এর পরিবর্তে আগামী ৪, ১১ ও ১৮ এপ্রিল নির্বাচন অনুষ্ঠানের নতুন প্রস্তাব দিয়েছে। বুধবার পাঞ্জাবের স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন বিভাগ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা ইসিপিকে জানিয়েছে।
প্রাদেশিক সরকারের চিঠিতে বলা হয়, ডিসেম্বর ও জানুয়ারি মাসে অতিরিক্ত ধোঁয়াশা, ঘন কুয়াশা এবং তীব্র শীতের আশঙ্কা রয়েছে। এ ছাড়া ফেব্রুয়ারি থেকে শুরু হবে পবিত্র রমজান মাস। ফলে নির্ধারিত সময়ে ভোট নেওয়া সম্ভব নয়। নির্বাচনকর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সুষ্ঠু মোতায়েন, নির্বাচনী মালামাল পরিবহন এবং ভোটারদের সুবিধার কথা বিবেচনা করে এই তিন তারিখ নির্ধারণ করা হয়েছে। ৫ অক্টোবর মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। পরে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে ইসিপিকে জানানো হয় যে, জেলাভিত্তিক নির্বাচনের বিন্যাস কমিশন ও সরকারের যৌথ বৈঠকে ঠিক করা হবে।
এর আগে গত ৬ আগস্ট নির্বাচনের জন্য ১২ দশমিক ৫ বিলিয়ন রুপি বরাদ্দ অনুমোদন করেছিল পাঞ্জাব মন্ত্রিসভা। প্রদেশটিতে সর্বশেষ স্থানীয় সরকার নির্বাচন হয়েছিল ২০১৫ সালে। পরে পিটিআই সরকার ২০১৯ সালের এপ্রিলে তা ভেঙে দিলেও সুপ্রিম কোর্টের আদেশে পুনর্বহাল হয়ে ২০২১ সালের ৩১ ডিসেম্বর কাউন্সিলগুলোর মেয়াদ শেষ হয়। সংবিধানের ১৪০এ অনুচ্ছেদ এবং নির্বাচনী আইন অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার ১২০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের নিয়ম রয়েছে। তবে বারবার স্থানীয় সরকার আইন পরিবর্তন ও প্রশাসনিক জটিলতায় ২০২২ সালের এপ্রিল থেকে এই নির্বাচন ধারাবাহিকভাবে পিছিয়ে আসছে।