টেন্ডার নিয়ে কৃষি অধিদপ্তরের প্রকল্প পরিচালককে মারধরের হুমকির অভিযোগ
রাজধানীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) এক প্রকল্প পরিচালককে নিজ কার্যালয়ে ঢুকে হেনস্তা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
রাজধানীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) এক প্রকল্প পরিচালককে নিজ কার্যালয়ে ঢুকে হেনস্তা ও মারধরের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম হাসানুর জামান মিন্টু। গত বুধবার (১৪ অক্টোবর) দুপুরে অধিদপ্তরের কার্যালয়ে এই ঘটনা ঘটে। একটি ইলেকট্রনিক টেন্ডার নিয়ে বিরোধের জেরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ভুক্তভোগী কর্মকর্তা মোস্তফা কামাল বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া চার মিনিটের একটি সিসিটিভি ফুটেজে ঘটনার কিছু দৃশ্য দেখা যায়। ফুটেজ অনুযায়ী, বুধবার দুপুর ১টা ৪২ মিনিট থেকে ১টা ৪৬ মিনিট পর্যন্ত মিন্টু ওই কক্ষে অবস্থান করেন। সেখানে প্রকল্পের একটি টেন্ডারে সাউন্ড সিস্টেম সরবরাহে আইএসও সনদ চাওয়ার শর্ত নিয়ে বাগ্বিতণ্ডা হয়। মোস্তফা কামালের অভিযোগ, মিলন নামের একজনকে সঙ্গে নিয়ে মিন্টু তার কক্ষে ঢোকেন এবং কাজটি তাদের দেওয়ার জন্য অন্যায্য চাপ দেন। নিয়মের বাইরে যেতে অস্বীকৃতি জানালে ফোনে আরেকজনের সঙ্গে কথা বলিয়ে তাকে গালিগালাজ করা হয় এবং একপর্যায়ে থাপ্পড় মারার হুমকি দেওয়া হয়।
প্রকল্প পরিচালক আরও জানান, গণপূর্ত অধিদপ্তরের সঙ্গে আলোচনা করেই টেন্ডারে ওই শর্ত রাখা হয়েছিল। ঘটনার সময় অপর পক্ষ ১৭ বছর ধরে বঞ্চিত থাকার কথা বলে ক্ষোভ দেখায়। এতে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন হাসানুর জামান মিন্টু। তিনি দাবি করেন, প্রকল্প পরিচালককে হুমকি বা থাপ্পড় মারার চেষ্টার তথ্যটি পুরোপুরি মিথ্যা।