ডেইলি বাংলাগ্রাম

সিরিয়ার দক্ষিণাঞ্চলে বাড়ি ও পশুখাদ্যের গুদামে ইসরায়েলি বাহিনীর আগুন

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে বৃহস্পতিবার একটি বাড়িতে অভিযান চালিয়ে সেখানে এবং পাশের একটি পশুখাদ্যের গুদামে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।

সিরিয়ার দক্ষিণাঞ্চলে বাড়ি ও পশুখাদ্যের গুদামে ইসরায়েলি বাহিনীর আগুন

সিরিয়ার দক্ষিণাঞ্চলীয় দারা প্রদেশে বৃহস্পতিবার একটি বাড়িতে অভিযান চালিয়ে সেখানে এবং পাশের একটি পশুখাদ্যের গুদামে আগুন ধরিয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। সিরিয়ার ভূখণ্ডে প্রায় প্রতিদিনই এমন আগ্রাসনের ঘটনা ঘটছে বলে স্থানীয় গণমাধ্যমে জানানো হয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, পশ্চিম দারার ওয়াদি আল-রাক্কাদ এলাকার একটি বাড়িতে ইসরায়েলি সেনারা ঢুকে পড়ে। এরপর তারা ওই বাড়ি এবং কাছাকাছি অবস্থিত পশুখাদ্যের গুদামে আগুন লাগিয়ে দেয়। এই ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়া হয়নি।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর থেকে সিরিয়ায় সামরিক তৎপরতা জোরদার করেছে ইসরায়েল। তারা সামরিক স্থাপনাগুলোতে বিমান হামলার পাশাপাশি দখলকৃত গোলান মালভূমির বাফার জোনে নিজেদের উপস্থিতি বাড়িয়েছে। সিরিয়ার কর্তৃপক্ষ এই আগ্রাসনকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে অভিহিত করেছে এবং ১৯৭৪ সালের চুক্তি অনুযায়ী নির্ধারিত অবস্থানে ইসরায়েলকে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে এবং ১৯৭৪ সালের চুক্তি পুনর্বহালের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দামেস্ক ও তেলআবিবের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে।