ডেইলি বাংলাগ্রাম

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, নারীসহ ১১ ফিলিস্তিনি গ্রেপ্তার

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারী ও সাবেক বন্দিসহ অন্তত ১১ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী।

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযান, নারীসহ ১১ ফিলিস্তিনি গ্রেপ্তার

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক নারী ও সাবেক বন্দিসহ অন্তত ১১ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার ভোরে এই অভিযান চালানো হয়। অভিযানের সময় ফিলিস্তিনিদের কাছ থেকে অর্থ, মুঠোফোন ও একটি গাড়ি জব্দ করা হয়েছে বলে ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস জানিয়েছে।

বিবৃতি অনুযায়ী, উত্তর পশ্চিম তীরের কালকিলিয়া শহরে অভিযান চালিয়ে সাবেক বন্দিসহ সাতজনকে আটক করা হয়। নাবলুস শহরের দক্ষিণাঞ্চলের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এক নারীকে গ্রেপ্তার করে ইসরায়েলি সেনারা। ওই বাড়ি থেকে নগদ অর্থ, পরিচয়পত্র ও মুঠোফোন নিয়ে যাওয়া হয়। এছাড়া তুলকারেম এবং রামাল্লার সিলওয়াদ শহর থেকে আরও দুই তরুণকে গ্রেপ্তার করা হয় এবং একজনের গাড়ি জব্দ করা হয়। অন্যদিকে একটি সামরিক তল্লাশিচৌকি থেকে ফাতাহ ইয়ুথ মুভমেন্টের নেতা এবং প্যালেস্টাইন পলিটেকনিক ইউনিভার্সিটির ছাত্র সমন্বয়ক ইউসেফ ঘান্নামকে আটক করা হয়েছে।

ফিলিস্তিনি প্রিজনার্স মিডিয়া অফিস এই গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে একে ফিলিস্তিনিদের ওপর চলমান দমননীতির অংশ বলে উল্লেখ করেছে। মানবাধিকার সংস্থাগুলোর বরাতে জানা গেছে, বর্তমানে ইসরায়েলি কারাগারে ৩৫০ জন শিশু ও ৯০ জন নারীসহ প্রায় ৯ হাজার ৩৫০ জন ফিলিস্তিনি বন্দি রয়েছেন। সেখানে নির্যাতন, অনাহার ও প্রয়োজনীয় চিকিৎসার অভাবে বহু বন্দির মৃত্যু হয়েছে।