ডেইলি বাংলাগ্রাম

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাঁচাতে গিয়ে বাবা রক্তাক্ত

কুড়িগ্রাম সদর উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজের মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে।

কুড়িগ্রামে মাদকের টাকা না দেওয়ায় ছেলের ছুরিকাঘাতে মা খুন, বাঁচাতে গিয়ে বাবা রক্তাক্ত

কুড়িগ্রাম সদর উপজেলায় মাদকের টাকা না পেয়ে নিজের মাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। এ সময় মাকে রক্ষা করতে গিয়ে বাবাও গুরুতর জখম হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ছয়টার দিকে সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম পারুল বেগম। এ ঘটনায় ঘাতক ছেলে মুত্তাকীন আলমকে (৩০) আটক করেছে পুলিশ। আহত বাবা সরদার আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মুত্তাকীন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। চিকিৎসার জন্য তাঁকে প্রায় দুই বছর বগুড়ার একটি পুনর্বাসনকেন্দ্রে রাখা হয়েছিল। সম্প্রতি বাড়ি ফিরে তিনি আবারও নেশা করতে শুরু করেন। আজ ভোরে তিনি পারুল বেগমের কাছে মাদকের টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মুত্তাকীন ঘরে ঢুকে ধারালো ছুরি দিয়ে মাকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই পারুল বেগমের মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে বাঁচাতে সরদার আলী এগিয়ে এলে তাঁকেও ছুরিকাঘাত করে মুত্তাকীন পালিয়ে যান।

ঘটনার পর সকাল ১০টার দিকে মাঝিপাড়া এলাকা থেকে স্থানীয় বাসিন্দারা মুত্তাকীনকে ধরে পুলিশের হাতে তুলে দেন। কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, পারুল বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।