বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার শিক্ষককে পিএইচডি করাবে ইউজিসি
আগামী পাঁচ বছরে দেশে-বিদেশে অন্তত ৩ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনে সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
আগামী পাঁচ বছরে দেশে-বিদেশে অন্তত ৩ হাজার বিশ্ববিদ্যালয় শিক্ষককে পিএইচডি ডিগ্রি অর্জনে সহায়তা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পাশাপাশি ‘হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন’ (হিট) প্রকল্পের অধীনে গবেষণার জন্য ১ হাজার ২০০ কোটি টাকার অনুদান দেওয়া হবে। বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় সাভারের ব্র্যাক সিডিএমে আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এই পরিকল্পনার কথা জানান।
অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়ে দক্ষ গবেষক ও পিএইচডিধারী শিক্ষকের ঘাটতি রয়েছে। এই সমস্যা কাটাতে এ বছর ইউজিসির পিএইচডি ফেলোশিপ ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। আগামী বছর এই ফেলোশিপের সংখ্যা ৫০০-তে উন্নীত করা হবে। এছাড়া হিট প্রকল্পের মাধ্যমে ৫ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি উপাচার্য, উপ-উপাচার্য, ডিন ও ট্রেজারারদের প্রশাসনিক ও আর্থিক বিষয়ে দক্ষতা বাড়াতে বিশেষ কর্মসূচি নেওয়া হয়েছে। শিক্ষকদের প্রশিক্ষণ স্থায়ী করতে গাজীপুরে একটি উচ্চশিক্ষা প্রশিক্ষণ একাডেমি এবং ঢাকার বাইরে আরও একটি কেন্দ্র তৈরির পরিকল্পনাও রয়েছে।
ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় জুনিয়র ফ্যাকাল্টি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ছয় দিনের এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি ৯ অক্টোবর শুরু হয়ে ১৪ অক্টোবর শেষ হয়। এতে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক অংশ নেন। হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের মারিয়া রেহমান, জ্যেষ্ঠ পরামর্শক মার্ক ফিলিপ ও'হারা এবং হিট প্রকল্পের চিফ প্রোগ্রাম কো-অর্ডিনেটর অধ্যাপক সেলিনা জামানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।