সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার: ইউএজিএম বিডির ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকি ফাঁস
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার করে ইউএজিএম বিডি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ৮৫ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বন্ড সুবিধার অপব্যবহার করে ইউএজিএম বিডি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ৮৫ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই অনিয়ম উদ্ঘাটন করেছে। বুধবার (১৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য নিশ্চিত করে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে গত ৯ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জের মিজমিজি দক্ষিণ পাড়ায় প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটি ঢাকা দক্ষিণ বন্ড কমিশনারেটের অধীনে শুল্কমুক্ত সুবিধায় পিভিসি ফ্লেক্স, পিভিসি ও পিইটি ফিল্ম, কৃত্রিম চামড়া এবং বিভিন্ন বোর্ড আমদানি করত। নথিপত্রে ব্যাক-টু-ব্যাক এলসির মাধ্যমে পণ্য রপ্তানি দেখানো হলেও সরেজমিনে কোনো উৎপাদন ব্যবস্থা পাওয়া যায়নি। কারখানার যন্ত্রপাতি দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল। এমনকি ঘোষিত উৎপাদনের তুলনায় কারখানার বিদ্যুৎ ব্যবহার ছিল অস্বাভাবিক রকমের কম। সেখানে বিকল্প বিদ্যুৎ বা গ্যাসের কোনো ব্যবস্থাও ছিল না।
তদন্তে উঠে আসে, প্রতিষ্ঠানটি ইউটিলাইজেশন পারমিশন নিয়ে শুল্কমুক্ত কাঁচামাল এনে তা গোপনে খোলাবাজারে বিক্রি করেছে। সার্বিক নথিপত্র ও বিদ্যুৎ ব্যবহারের হিসাব যাচাই করে ৮৫ কোটি ২১ লাখ ৪৬ হাজার ৪৯৫ টাকা ফাঁকির মামলা প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য প্রতিবেদনটি কাস্টমস বন্ড কমিশনারেট, ঢাকা (দক্ষিণ)-এর দপ্তরে পাঠানো হয়েছে। সংস্থাটি জানিয়েছে, রাজস্ব ফাঁকি রোধে কারখানার বাস্তব কার্যক্রমের ওপর এমন নজরদারি ভবিষ্যতেও চলবে।