ডেইলি বাংলাগ্রাম

দেশজুড়ে বিক্ষোভের মুখে রাস্তা অবরোধ নিষিদ্ধ করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

কলম্বিয়ায় দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়ার পর রাস্তা অবরোধ ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নিরাপত্তা ডিক্রিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আবেলবার্দো দে লা এসপ্রিয়েলা।

দেশজুড়ে বিক্ষোভের মুখে রাস্তা অবরোধ নিষিদ্ধ করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

কলম্বিয়ায় দেশব্যাপী বিক্ষোভের ডাক দেওয়ার পর রাস্তা অবরোধ ও বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর নিরাপত্তা ডিক্রিতে স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট আবেলবার্দো দে লা এসপ্রিয়েলা। বুধবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নতুন আদেশের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সড়ক অবরোধ প্রতিহত করার এবং বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

শিক্ষকদের সংগঠন 'ফেকোডে' এবং সেন্ট্রাল ইউনিয়ন অব ওয়ার্কার্সসহ প্রধান শ্রমিক ইউনিয়ন ও বামপন্থী দলগুলো এই বিক্ষোভের আয়োজন করেছে। রাজধানী বোগোতার পাশাপাশি মেডেলিন, ক্যালি ও বারানকুইলা শহরেও এই কর্মসূচি পালিত হবে। সাবেক প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো জানিয়েছেন, তিনি রাজধানীর পার্ক ন্যাসিওনাল থেকে প্লাজা দে বলিভার পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন। মূলত শিক্ষা, স্বাস্থ্যসেবা, শ্রম অধিকার এবং জীবনযাত্রার ব্যয় নিয়ে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।

এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট এসপ্রিয়েলা বলেন, দেশে প্রতিবাদের অধিকার থাকলেও ধ্বংসযজ্ঞ চালানো, রাস্তা বন্ধ করা কিংবা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। বিক্ষোভের আড়ালে সহিংসতা ও ভাঙচুর প্রতিরোধেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে যৌথ কমান্ড পোস্ট গঠন করা হবে। নিরাপত্তা বাহিনী বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের নজরদারিতে রাখবে এবং পণ্যবাহী ও জরুরি যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করবে।