হোয়াইট হাউসে তিন গণমাধ্যমের সাংবাদিকদের প্রবেশাধিকার বজায় রাখার নির্দেশ মার্কিন আদালতের
হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকদের প্রবেশে ট্রাম্প প্রশাসনের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন এক মার্কিন ফেডারেল বিচারক।
হোয়াইট হাউসে সিএনএন, এমএস নাও এবং পলিটিকোর সাংবাদিকদের প্রবেশে ট্রাম্প প্রশাসনের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছেন এক মার্কিন ফেডারেল বিচারক। মঙ্গলবার ডিস্ট্রিক্ট জজ টিমোথি কেলি নির্দেশ দেন, সংবাদমাধ্যম তিনটির করা মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাদের সাংবাদিকদের হোয়াইট হাউসে দায়িত্ব পালন করতে দিতে হবে।
বিচারক কেলি জানান, সংবাদমাধ্যমগুলোর যথোপযুক্ত আইনি প্রক্রিয়া ও প্রথম সংশোধনী সম্পর্কিত যুক্তির জয়ী হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এর আগে গত ১৮ সেপ্টেম্বর সিএনএন, এমএস নাও এবং পলিটিকো ‘ভুয়া খবর ও মিথ্যা’ ছড়াচ্ছে দাবি করে তাদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিরুদ্ধে সংবাদমাধ্যম তিনটি যৌথভাবে মামলা দায়ের করে। পূর্বে আদালতের আদেশে সাংবাদিকদের সাময়িকভাবে প্রবেশপত্র ফিরিয়ে দেওয়া হয়েছিল, যার মেয়াদ মঙ্গলবার শেষ হওয়ার কথা ছিল। বর্তমান আদেশে সেই মেয়াদ আরও বাড়ানো হয়েছে।
আদালত পর্যবেক্ষণে জানায়, প্রতিবেদনগুলো ভুল এবং তাঁর বিরুদ্ধে পক্ষপাতমূলক—এমন বিশ্বাস থেকেই সম্ভবত ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিলেন। উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই তাঁর সমালোচক সংবাদমাধ্যমগুলোর বিরোধিতা করে আসছেন এবং গণমাধ্যমকে একাধিকবার ‘জনগণের শত্রু’ বলে আখ্যা দিয়েছেন।