ঢাকা থেকে সৌদি আরবের ৮৬টি ফ্লাইট স্থগিত, চরম ভোগান্তিতে সাড়ে ১৩ হাজার যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক অচলাবস্থা ও বিধিনিষেধের কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা ৮৬টি ফ্লাইট স্থগিত করা হয়েছে।
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সাময়িক অচলাবস্থা ও বিধিনিষেধের কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা ৮৬টি ফ্লাইট স্থগিত করা হয়েছে। এর ফলে ১৩ হাজার ৪৯০ জন প্রবাসী ও সাধারণ যাত্রী দুর্ভোগে পড়েছেন। বুধবার (১৪ অক্টোবর) এক বার্তায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, এসব ফ্লাইটের মধ্যে ৩৬টি সরাসরি ও ৫০টি ট্রানজিট রুটের।
বাতিল হওয়া সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি, রিয়াদ এয়ারওয়েজের সাতটি এবং সৌদিয়া এয়ারলাইন্সের পাঁচটি। অন্যদিকে মধ্যপ্রাচ্য ও পার্শ্ববর্তী দেশের মাধ্যমে পরিচালিত ট্রানজিট ফ্লাইটের মধ্যে রয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের ২২টি, এমিরেটস এয়ারলাইন্সের ১১টি, কাতার এয়ারওয়েজের ছয়টি, ফ্লাই দুবাইয়ের ছয়টি, সালাম এয়ারের চারটি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট।
সৌদি কর্তৃপক্ষের আকস্মিক এই সিদ্ধান্তের কারণে বহু যাত্রী বিমানবন্দরে এসে আটকা পড়েন। সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নতুন সময়সূচি জানা এবং টিকিটের তারিখ পরিবর্তনের জন্য যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।