প্রশ্ন ফাঁসের পরও আগের কমিটি রেখেই সহকারী যুব উন্নয়ন কর্মকর্তার পরীক্ষা শুক্রবার
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের স্থগিত প্রিলিমিনারি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পদের স্থগিত প্রিলিমিনারি পরীক্ষা আগামী শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটলেও আগের বিভাগীয় নিয়োগ কমিটি অপরিবর্তিত রেখেই এই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। আগামী ১৬ অক্টোবর বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত এই পরীক্ষা নেওয়া হবে। এর আগে গত শনিবার পরীক্ষা শুরুর কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়লে তা স্থগিত করা হয়। ঢাকার ৯৮টি কেন্দ্রে ২৪২টি পদের জন্য প্রায় ৩ লাখ ১৯ হাজার চাকরিপ্রার্থী এই পরীক্ষায় আবেদন করেছেন।
প্রশ্ন ফাঁসের কারণ অনুসন্ধানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি কাজ করছে। নির্ধারিত দিনে প্রতিবেদন জমা না দিয়ে তারা আরও দুই দিন সময় চেয়েছে। সংগৃহীত তথ্য যাচাইয়ের জন্য কমিটিতে একজন প্রযুক্তি বিশেষজ্ঞকেও যুক্ত করা হয়েছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মোতাহার হোসেন জানিয়েছেন, ঘটনার সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাই বর্তমান কমিটিকে দায়ী করা যায় না। এ ছাড়া নতুন নিয়োগ কমিটি গঠনের বিষয়টি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।
বিতর্ক এড়াতে এবার প্রশ্নপত্র তৈরি ও ছাপানোর জায়গা পরিবর্তন করা হয়েছে। আগে মতিঝিলে অধিদপ্তরের কার্যালয়ে এই কাজ হলেও এবার তা হবে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে। পাঁচ সদস্যের বিভাগীয় নিয়োগ কমিটির প্রধান হিসেবে আছেন অধিদপ্তরের পরিচালক ডি এম আতিকুর রহমান এবং সদস্যসচিবের দায়িত্বে আছেন উপপরিচালক আতিকুর রহমান। এ ছাড়া কমিটিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, সরকারি কর্ম কমিশন এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি রয়েছেন।