গবেষণায় শিক্ষকদের সর্বোচ্চ ১০ লাখ টাকা অনুদান দেবে ইউজিসি
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা কার্যক্রমে অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণা কার্যক্রমে অনুদান দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২৬-২০২৭ অর্থবছরের প্রমোশনাল এবং একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় এই অর্থ দেওয়া হবে। এর অধীনে গবেষকেরা সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান পাবেন। আগ্রহী শিক্ষকদের আগামী ২২ নভেম্বরের মধ্যে অনলাইনে প্রকল্প প্রস্তাব জমা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, একাডেমিক স্টাফ ডেভেলপমেন্ট প্রকল্পে বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ ১০ লাখ এবং কলা, সামাজিক বিজ্ঞান ও বিজনেস শাখায় সর্বোচ্চ আট লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। এই প্রকল্পে আবেদনের জন্য পূর্ণকালীন অধ্যাপক বা সহযোগী অধ্যাপক হতে হবে। একই সঙ্গে ইনডেক্সড জার্নালে ন্যূনতম পাঁচটি প্রকাশনা থাকতে হবে, যার অন্তত দুটিতে আবেদনকারীকে করেসপন্ডিং বা লাস্ট অথর হতে হবে। অন্যদিকে প্রমোশনাল প্রকল্পে বিজ্ঞান ও প্রযুক্তি শাখায় সর্বোচ্চ সাত লাখ এবং অন্যান্য শাখায় পাঁচ লাখ টাকা পর্যন্ত অনুদান মিলবে। এতে আবেদনের জন্য পূর্ণকালীন প্রভাষক বা সহকারী অধ্যাপক হওয়ার পাশাপাশি অন্তত দুটি স্বীকৃত প্রকাশনা থাকতে হবে। প্রতিটি গবেষণা প্রকল্পের মেয়াদকাল হবে এক বছর।
একজন প্রধান গবেষক একটি অর্থবছরে কেবল একটি প্রস্তাবই জমা দিতে পারবেন। আগের চলমান প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদন জমা না দিয়ে নতুন প্রকল্পে আবেদন করা যাবে না। আগ্রহী শিক্ষকদের ইউজিসির পোর্টালে গিয়ে অনলাইনে প্রস্তাব জমা দিতে হবে। এরপর দুই সেট প্রিন্ট কপি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে ঢাকার আগারগাঁওয়ে ইউজিসির রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশনের পরিচালকের দপ্তরে পাঠাতে হবে। এর এক সেটে গবেষক ও প্রতিষ্ঠানের নাম থাকবে এবং অন্য সেটটি পরিচয়হীন রাখতে হবে।