মানবতাবিরোধী অপরাধের মামলায় খালাস চেয়ে হাসানুল হক ইনুর আপিল
মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আবেদন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনু।
মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস চেয়ে আবেদন করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই আপিল দায়ের করা হয়। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় তাঁকে এই সাজা দেওয়া হয়েছিল।
এর আগে এই সাজা বাড়িয়ে ইনুর মৃত্যুদণ্ড চেয়ে আবেদন করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। প্রসিকিউশনের অভিযোগ, ছাত্র-জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার নির্দেশনায় সমর্থন দিয়েছিলেন ইনু। পাশাপাশি তিনি হত্যাকাণ্ডে উসকানি ও ষড়যন্ত্রে জড়িত ছিলেন। তাই তাঁর সাজা পর্যাপ্ত হয়নি বলে দাবি করে প্রসিকিউশন।
অন্যদিকে হাসানুল হক ইনুর আইনজীবীরা জানান, তিনি কোনো হত্যাকাণ্ডের সঙ্গেই জড়িত ছিলেন না। ফলে ট্রাইব্যুনালের দেওয়া ১০ বছরের দণ্ড বাতিল করে তাঁর সম্পূর্ণ খালাস চেয়ে আপিল বিভাগে আবেদন জানিয়েছেন তাঁরা।