রাজধানীর হোটেল-বারে ডিএনসির অভিযান, ৬৯০০ ইয়াবাসহ গ্রেপ্তার ৫
রাজধানীর কয়েকটি অভিজাত হোটেল ও বারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম শনাক্ত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
রাজধানীর কয়েকটি অভিজাত হোটেল ও বারে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম শনাক্ত করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। একই সঙ্গে আলাদা অভিযানে ৬ হাজার ৯০০টি ইয়াবাসহ পাঁচ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয় হোটেল-বারগুলোতে তল্লাশি চালায়। এর আগে ১২ ও ১৩ অক্টোবর বিভাগীয় গোয়েন্দা কার্যালয় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবার চালানসহ ওই পাঁচজনকে আটক করে।
ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপপরিচালক রাজিউর রহমান জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে হোটেল আমারি, কিংফিশার বার ও ব্লিজ আর্ট বারে অভিযান পরিচালিত হয়। গুলশানের হোটেল আমারিতে পারমিট ছাড়া মদ পানের দায়ে সাতজনকে চিহ্নিত করা হয়। কিংফিশার বারে মেলে কাগজপত্রহীন ১৪ লিটার বিদেশি মদ। এছাড়া বন্ধ থাকা ব্লিজ আর্ট বারের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অন্যদিকে গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক মেহেদী হাসান জানান, ১২ অক্টোবর মতিঝিলের আরামবাগ থেকে ১ হাজার ৫০০টি ইয়াবাসহ আবদুর রহিম (৬২) ও ফোরকান মাহমুদকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে কদমতলীর একটি বাসা থেকে ২ হাজার ৬০০টি ইয়াবাসহ সাইফুল ইসলাম বাবু (৩২) ধরা পড়েন। পরদিন ১৩ অক্টোবর মহাখালীতে টাঙ্গাইলগামী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার ৮০০টি ইয়াবাসহ মো. লিটন মিয়া (৩৫) ও মো. আবদুল আজিজকে (৩৯) গ্রেপ্তার করা হয়। এ সময় পাঁচটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।