মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা স্মারক সই
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং অবকাঠামো খাতের সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
বাগেরহাটের মোংলায় বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক এবং অবকাঠামো খাতের সহযোগিতাবিষয়ক একটি সমঝোতা স্মারক সই হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই কার্যক্রম সম্পন্ন হয়। ইনভেস্ট বাংলাদেশ এবং চীনা প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এই চুক্তি হয়।
সমঝোতা স্মারকে ইনভেস্ট বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন সংস্থাটির শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ। চীনের পক্ষে সই করেন চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং। অনুষ্ঠানে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন ও ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে পরিবহন, অবকাঠামো, জ্বালানি, শিল্প, পরিবেশ, লজিস্টিকস এবং দক্ষতা বৃদ্ধিতে যৌথ বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।
এর আগে সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান হেলিকপ্টারে মোংলায় এসে পৌঁছান। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি তিনি চীনা প্রতিনিধিদলের সঙ্গে আলোচনা করেন। এছাড়া মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে দুটি কনটেইনার জেটিসহ বিভিন্ন অবকাঠামো নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর।




