ডেইলি বাংলাগ্রাম

টাইগার শ্রফের গাড়িতে গুলি কাণ্ডে হরিয়ানা থেকে গ্রেপ্তার এক ব্যক্তি, নেপথ্যে বিদেশি চক্র

বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানোর ঘটনায় হরিয়ানা থেকে সমীর নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, হামলার ঘটনায় জড়িত তিন সন্দেহভাজনের সঙ্গে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক সহযোগী অনিল পণ্ডিতের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন সমীর। অভিযুক্ত রেহান ওরফে সুক্কা, ফুল সিং ও হৃতিক কুমার গত ১৮ অক্টোবর হামলার পর নেপালে পালানোর চেষ্টা করছিলেন। রাজস্থানের কোটা থেকে তাদের আটক করে পুলিশ।

টাইগার শ্রফের গাড়িতে গুলি কাণ্ডে হরিয়ানা থেকে গ্রেপ্তার এক ব্যক্তি, নেপথ্যে বিদেশি চক্র

পুলিশের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে থাকা পণ্ডিত বিদেশ থেকে অনলাইনে অভিযুক্তদের খরচের টাকা পাঠিয়েছিলেন। হামলার বিনিময়ে রেহানকে ৩৫ হাজার রুপি এবং বিদেশে স্থায়ী হওয়ার সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। অন্যদিকে হৃতিককে দেওয়া হয়েছিল বিদেশে ভালো বেতনের চাকরির প্রস্তাব। 'জাগি' নামের একটি অ্যাপের মাধ্যমে যাবতীয় নির্দেশ দেওয়া হতো। অভিযুক্তদের কোনো ব্যক্তির মাধ্যমে নয়, বরং নির্জন একটি ডাস্টবিনের পাশে অস্ত্র রেখে দিয়ে সেখান থেকে তা সংগ্রহ করার নির্দেশ পাঠানো হয়েছিল।

অভিযুক্তরা ঘটনার আগে প্রায় এক মাস ধরে মুম্বাইয়ে অবস্থান করছিল। গুলির ঘটনার পর তারা অন্ধেরি স্টেশন থেকে পুনে-জয়পুর সুপারফাস্ট এক্সপ্রেসে চড়ে নেপালে যাওয়ার পরিকল্পনা করেছিল, কিন্তু ২৪ ঘণ্টার মধ্যেই তারা ধরা পড়ে। অভিযুক্ত রেহানের বিরুদ্ধে অতীতে চুরি ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। এদিকে রাইড-শেয়ারিং প্ল্যাটফর্ম র‍্যাপিডো জানিয়েছে, ঘটনায় জড়িত একজন ব্যক্তি তাদের সাবেক চালক হলেও গত ১৪ অক্টোবরের পর থেকে তিনি চালক হিসেবে সক্রিয় ছিলেন না এবং ঘটনার দিন সাধারণ গ্রাহক হিসেবে তাদের সেবা ব্যবহার করেছিলেন।